ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোটার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দোয়া মাহফিলের মাধ্যমে তার বীরশ্রেষ্ঠ রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান।

সভায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্বগাঁথা নিয়ে আলোচনা ও স্মৃতিরোমন্থন করার সময় সভাস্থলে স্মৃতিকাতর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান।

এদিকে সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বাসদ জেলা কমিটির আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।