কেশবপুরে গরুচোর চক্রের তিন সদস্য গ্রেফতার

চুরি করা গরু নিয়ে পালানোর সময় আটক

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে গরু চুরি করে গাড়িযোগে পালিয়ে যাওয়ার সময় গরুচোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বুড়ুলি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের হামিদ শেখের ছেলে মনিরুল ইসলাম সুজন শেখ (৪৫), ফুলতলা থানার দামোদর গ্রামের তৈয়ব মোল্যার ছেলে মুকুল মোল্যা (৫২) এবং বাগেরহাট জেলার বারইখালী গ্রামের জাকির শেখের ছেলে রাসেল শেখ (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি করা গরু নিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।