সেলুনে চুরির সাথে জড়িত সাকিব হাসান আটক, চুরির মালামাল উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের জিলা স্কুলের বিপরীতে ষষ্ঠীতলাস্থ মুজিব সড়কের ‘টি-রেক্স’ নামে একটি সেলুনে চুরির সাথে জড়িত সাকিব হাসান নামে এক চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রেল রোডের জনি কাবাবের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে চোরাই মালামাল উদ্ধার এবং ক্রেতাকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, ষষ্ঠীতলা এলাকার সুমন আহমেদের ছেলে সাকিব হাসান ও শংকরপুর ছোটনের মোড় এলাকার আব্দুল হালিমের ছেলে আলী আকবর।

কোতয়ালি থানা পুলিশের এসআই মো. আব্দুল্লাহ আল মামুন জানান, টি-রেক্স সেলুনের মালিক তরিকুল ইসলাম গত ১২ জুলাই রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার সার্টারের দিকে দোকানে এসে চুরির ঘটনা টের পান। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা হ্যাজবোল্ট কেটে ভেতরে ঢুকে ১টি এসির ইনডোর ইউনিট, পাঁচটি হেয়ার কাটার মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১টি রাউটার, নগদ ৭ হাজার টাকা ও দুই জোড়া নতুন জুতা চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় তরিকুল ইসলাম কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত শুরু করেন এসআই মো. আব্দুল্লাহ আল মামুন। এক পর্যায়ে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে চোর শনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্তের পর মঙ্গলবার দুপুরে রেল রোডের জনি কাবাবের সামনে থেকে অভিযুক্ত চোর সাকিব হাসানকে আটক করা হয়।

এরপর সাকিব হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে চারটি হেয়ার কাটার মেশিন ও একটি ভাঙা সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সাকিব হাসান স্বীকার করেন, চুরি করা অন্য মালামাল শংকরপুর ছোটনের মোড় এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী আলী আকবরের কাছে বিক্রি করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শংকরপুর ছোটনের মোড় এলাকা থেকে আলী আকবরকে আটক করা হয়।

তিনি চুরি হওয়া এসির যন্ত্রাংশ কেনার কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার মিজানের ভাঙারির দোকান থেকে ১ কেজি ৬শ গ্রাম তামার তার, প্রায় দেড় কেজি অ্যালুমিনিয়ামের জাল এবং এসির প্লাস্টিকের কিছু অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।