কেশবপুরের ২৭ বিলে জলাবদ্ধতা

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার পূর্বাঞ্চলের মানুষের দুর্ভোগ যেন দিন দিন আরও বাড়ছে। সরকার পরিবর্তন হলেও দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়ায় এখনও পানিবন্দি জীবন কাটাতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয়দের দাবি, উপজেলার প্রায় অর্ধলক্ষ মানুষ বছরের অন্তত আট মাস জলাবদ্ধতার মধ্যে বসবাস করেন। বাড়ির উঠান, রাস্তা ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

২৭ বিল পানি নিষ্কাশন কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল বলেন, পানি উন্নয়ন বোর্ডের ৮-ভেন্ট স্লুইস গেটের মুখে সেচ পাম্প বসিয়ে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে বদ্ধ পানি দ্রুত অপসারণ সম্ভব হবে।

জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কেশবপুর উপজেলার বাগডাঙ্গা, মনোহরনগর, মাদারডাঙ্গা, পাথরঘাটা, কাটাখালী, কালীচরণপুর ও ময়নাপুর গ্রাম। পাশাপাশি পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার কয়েকটি এলাকাও একই সমস্যায় ভুগছে।

বাগডাঙ্গা এলাকার ইউপি সদস্য বৈদ্যনাথ সরকার বলেন, “আমাদের এলাকায় এমন কোনো বাড়ি নেই যেখানে শুকনো পরিবেশ রয়েছে। অধিকাংশ বাড়িতে যাতায়াতের জন্য বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়।”

মাদারডাঙ্গা গ্রামের বাসিন্দা অমল দাস অভিযোগ করে বলেন, “ভোটের সময় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা নানা আশ্বাস দেন। কিন্তু ভোট শেষে আর কেউ খোঁজ নেন না।”

সাবেক ইউপি সদস্য দুর্গা শঙ্কর বলেন, “জলাবদ্ধতার কারণে মানুষ তাদের প্রয়োজন হলেও গাছ বিক্রি করতে পারে না। এমনকি অনেক পরিবারকে সড়কের ওপর গরু-ছাগল বেঁধে রাখতে হয়।”

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে বর্তমান সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং তাদের দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধান নিশ্চিত করবে।