যশোরে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে ডা. ঊষার পাশে জেলা বিএনপি

দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে ডা. ঊষার এই মহতী উদ্যোগ পরিদর্শনে এসেছেন তারা।

0
যশোরে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে ডা. ঊষার পাশে জেলা বিএনপি
রোববার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর শহরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগে সংহতি জানিয়েছে জেলা বিএনপি। রোববার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতা-কর্মীদের নিয়ে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে তাঁরা ডা. ঊষার এই মহতী উদ্যোগ পরিদর্শনে এসেছেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ কাজে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে ডা. ঊষার পাশে জেলা বিএনপি
রোববার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন- লোকসমাজ

তিনি আরও বলেন, ভৈরব নদকে ঘিরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের একটি মাস্টারপ্ল্যান রয়েছে। নদকে দূষণ ও দখলমুক্ত রাখা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। পাশাপাশি শহরের যানজট নিরসনে গরিব শাহর মাজারের পাশ থেকে ভৈরব নদের ওপর নতুন সেতু নির্মাণ, কাঠেরপুলের সেতু প্রশস্তকরণ এবং বিদ্যমান সেতু পুনর্নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ভৈরব নদ নিয়ে তাঁর এসব পরিকল্পনার কথা প্রতিমন্ত্রী সরকারের উচ্চপর্যায়েও তুলে ধরেছেন।

বিএনপির সংহতি প্রকাশ ও অনিন্দ্য ইসলাম অমিতের সহায়ক ভূমিকার প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন ভৈরব নদের কচুরিপানা অপসারণের এই কর্মযজ্ঞের প্রধান উদ্যোক্তা ডা. সাদিয়া মনোয়ারা উষা। ফেসবুকে তিনি অনিন্দ্য ইসলাম অমিতকে তাদের এই কাজে পাশে পাওয়ার আকাঙ্খা প্রকাশ করে লিখেছেন, “আপনার কাছে আমরা আর্থিক সহযোগিতা চাইনা। আপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চাই। আমরা আপনাকে চাই ।ভৈরবের আপনাকে ভীষণ প্রয়োজন । ভৈরবের পাড়ে আপনার এক মিনিট উপস্থিতি একটি কচুরিপানার দিকে তাকানো আর্থিক সহযোগিতা থেকেও বেশি মূল্যবান!”

ডা. সাদিয়া আরও লিখেছেন, “এতগুলো মানুষ এতদিন নিরলস পরিশ্রম করেছে, তাদের জন্য আপনি আপনার অত্যন্ত ব্যস্ততম সময়ের মধ্যে এক মিনিট ভেবেছেন তার জন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা। আপনি জানেন,ভৈরবের উপর কচুরিপানার মত শত সহস্র সমস্যা জগদ্বল পাথরের মত চেপে বসে আছে। কচুরিপানা পরিষ্কারই ভৈরবের জন্য শেষ কথা নয়।

ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে ডা. ঊষার পাশে জেলা বিএনপি
রোববার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন- লোকসমাজ

পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

নদীর স্বচ্ছ পানিতে আকাশের ছায়া পড়বে। জোছনা রাতে দেখা যাবে চাঁদের প্রতিবিম্ব। ভৈরবের বুকে আবারও ফিরবে হারানো সৌন্দর্য—এমনই এক স্বপ্ন দেখেন তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। আর সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়েছিলেন সবাইকে। তার ডাকে সাড়া দিয়ে গত ৮ নভেম্বর সোমবার সকালে যশোর শহরের ভৈরব নদের পাড়ে সমবেত হন অর্ধশতাধিক তরুণ-তরুণী। এরপর নেমে পড়েন নদে। স্বেচ্ছাশ্রমে শুরু করেন কচুরিপানা অপসারণের কাজ।

ভৈরব নদ যশোরের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে মিশে থাকা এক প্রাচীন জলধারা। একসময় যে নদ ছিল শহরের প্রাণ, সেই ভৈরবের বর্তমান চিত্র উষাকে ব্যথিত করে। নদজুড়ে কচুরিপানার বিস্তার, কালো ও দূষিত পানি—সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে নদটির সৌন্দর্য। এই চিত্র বদলানোর প্রত্যয় থেকেই তার ব্যতিক্রমী উদ্যোগ।

এর আগে গত কয়েক দিন ধরে নিজের ফেসবুক পেজে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার আহ্বান জানিয়ে আসছিলেন ডা. উষা। শুধু আহ্বানেই সীমাবদ্ধ থাকেননি, গত ৫ ও ৬ নভেম্বর নিজেই নদে নেমে কচুরিপানা পরিষ্কার করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান। সর্বশেষ রোববার ঘোষণা দেন, সোমবার ৯ নভেম্বর সকাল ৮টা থেকে সবাই মিলে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কার করবেন।

তার সেই আহ্বানে সাড়া মেলে। বিভিন্ন স্থান থেকে নানা বয়সের মানুষ এগিয়ে এসেছেন স্বেচ্ছাশ্রমে ভৈরবের কচুরিপানা অপসারণে। কাজ চলছে রোববারও। শনিবার এ কাজে অংশ নেন যশোরের দন্ত চিকিৎসকদের একটি দল। তারা যশোর শহরের দড়াটানা ব্রিজের পূর্ব পাশে কচুরিপানা অপসারণ করেন।

এখন নদের দুই পাশে বেশ কিছু অংশ পরিস্কার হয়ে পানিতে আকাশের ছায়ার দেখা মিলছে। তাতে উৎফুল্ল প্রকাশ করেছেন তারা।

ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে ডা. ঊষার পাশে জেলা বিএনপি
ডা. উষার কচুরিপানা ‘তুলোধুনা’ অভিযানে প্রতিদিন যশোর শহরের ভৈরব পাড়ে নানা বয়সের মানুষ আসছেন। তাদের সাথে কথা বলছেন তিনি। গত ১৩ নভেম্বরের ছবি- ডা. সাদিয়া মনোয়ারা উষার ফেসবুক থেকে নেওয়া ছবি।

যশোর শহরের ঘোপ এলাকায় বেড়ে ওঠা সাদিয়া মনোয়ারা উষার শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে ভৈরব নদ। তিনি খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে নানা জায়গায় দায়িত্ব পালন করলেও নিজের শহরের ভৈরবের এমন দুরবস্থা তাঁকে নাড়া দেয়।

ডা. উষার এই অনুভূতির সঙ্গে একাত্ম তাঁর মাও। রওনক রায়হানার কাছেও ভৈরবের বর্তমান অবস্থা কষ্টের। তিনিও চান, নদটির পানি আবার স্বচ্ছ হোক। সেখানে আকাশের ছায়া পড়ুক, জোছনা রাতে দেখা যাক চাঁদের প্রতিবিম্ব। মা-মেয়ের এই প্রত্যাশা যেন যশোরবাসীর হারানো নদকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি।