নদীতে আকাশ ও চাঁদের ছায়া দেখতে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা পরিষ্কারের ডাক ডা. উষার

0

শিকদার খালিদ : নদীর স্বচ্ছ পানিতে আকাশের ছায়া পড়বে। জোছনা রাতে দেখা যাবে চাঁদের প্রতিবিম্ব। ভৈরবের বুকে আবারও ফিরবে হারানো সৌন্দর্য—এমনই এক স্বপ্ন দেখেন তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। আর সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়েছিলেন সবাইকে। তার ডাকে সাড়া দিয়ে সোমবার সকালে যশোর শহরের ভৈরব নদের পাড়ে সমবেত হন অর্ধশতাধিক তরুণ-তরুণী। এরপর নেমে পড়েন নদে। স্বেচ্ছাশ্রমে শুরু করেন কচুরিপানা অপসারণের কাজ।

ভৈরব নদ যশোরের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে মিশে থাকা এক প্রাচীন জলধারা। একসময় যে নদ ছিল শহরের প্রাণ, সেই ভৈরবের বর্তমান চিত্র উষাকে ব্যথিত করে। নদজুড়ে কচুরিপানার বিস্তার, কালো ও দূষিত পানি—সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে নদটির সৌন্দর্য। এই চিত্র বদলানোর প্রত্যয় থেকেই তাঁর ব্যতিক্রমী উদ্যোগ।

ভৈরব নদ পরিষ্কারে ডা. উষার ডাকে অর্ধশত তরুণের স্বেচ্ছাশ্রম
ছবি : হানিফ ডাকুয়া

গত কয়েক দিন ধরে নিজের ফেসবুক পেজে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার আহ্বান জানিয়ে আসছিলেন ডা. উষা। শুধু আহ্বানেই সীমাবদ্ধ থাকেননি, শুক্রবার ও শনিবার নিজেই নদে নেমে কচুরিপানা পরিষ্কার করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান। সর্বশেষ রোববার ঘোষণা দেন, সোমবার ৯ নভেম্বর সকাল ৮টা থেকে সবাই মিলে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কার করবেন।

তার সেই আহ্বানে সাড়া মেলে। সোমবার সকাল থেকেই যশোর শহরের দড়াটানায় ভৈরব নদের পাড়ে বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন তরুণ-তরুণীরা। সকাল ৯টার দিকে তাঁরা নেমে পড়েন নদে। কালো পানিতে নেমে কচুরিপানা সরানোর কাজে হাত লাগান একে একে সবাই। একজনের স্বপ্ন যেন মুহূর্তেই হয়ে ওঠে অনেকের সম্মিলিত প্রত্যয়।

তরুণদের এই উদ্যোগ দেখতে নদের পাড়ে ভিড় করেন আরও অনেকে। কেউ উৎসাহ দেন, কেউ সাধুবাদ জানান। তাঁদের কাছে এটি কেবল কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নয়; বরং হারিয়ে যেতে বসা একটি নদকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার প্রকাশ।

যশোর শহরের ঘোপ এলাকায় বেড়ে ওঠা সাদিয়া মনোয়ারা উষার শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে ভৈরব নদ। তিনি খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে নানা জায়গায় দায়িত্ব পালন করলেও নিজের শহরের ভৈরবের এমন দুরবস্থা তাকে নাড়া দেয়।

ডা. উষার এই অনুভূতির সঙ্গে একাত্ম তার মাও। রওনক রায়হানার কাছেও ভৈরবের বর্তমান অবস্থা কষ্টের। তিনিও চান, নদটির পানি আবার স্বচ্ছ হোক। সেখানে আকাশের ছায়া পড়ুক, জোছনা রাতে দেখা যাক চাঁদের প্রতিবিম্ব। মা-মেয়ের এই প্রত্যাশা যেন যশোরবাসীর হারানো নদকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি।

তরুণদের স্বেচ্ছাশ্রমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। তবে কচুরিপানা সরানোর পাশাপাশি নদটির দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা বজায় রাখা এবং স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় ভৈরব নদ খনন করা হয়। এ কাজে ব্যয় হয়েছে ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চলে খননকাজ। তবে খননের আগে পাড়সহ নদটির প্রস্থ ছিল ২৬৩ ফুট, খননের পর তা কমে দাঁড়িয়েছে ১০০ ফুটে। বিপুল অর্থ ব্যয়ে খননকাজ সম্পন্ন হলেও নদটির বর্তমান অবস্থা নিয়ে হতাশা রয়েছে।

একজন চিকিৎসকের আহ্বানে অর্ধশতাধিক তরুণের নদে নেমে পড়া তাই নতুন আশার বার্তা দিচ্ছে। তবে এক দিনের স্বেচ্ছাশ্রমে ভৈরবের সব সংকট দূর হবে না। এর জন্য প্রয়োজন নদদূষণ বন্ধ, নিয়মিত পরিচর্যা, কচুরিপানা অপসারণ এবং কার্যকর সরকারি উদ্যোগ।

তবু শুরুটা হয়েছে একটি সুন্দর স্বপ্ন থেকে—ভৈরবের স্বচ্ছ পানিতে আবার আকাশের ছায়া পড়বে, জোছনা রাতে দেখা যাবে চাঁদ। ডা. উষার সেই স্বপ্ন এখন আর একার নয়; তাতে শামিল হয়েছেন আরও অনেক তরুণ।