দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাসিম গুলিতে নিহত

0
দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাসিম গুলিতে নিহত

খুলনা ব্যুরো, লোকসমাজ: খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। তিনি উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসে। একপর্যায়ে তারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।