যশোরে জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন

0
যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নিয়ে বাসাবাড়ি পরিষ্কার রাখা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দেন।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার: যশোরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও রোগের প্রকোপ প্রতিরোধের লক্ষ্যে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন ও র‍্যালিতে সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে সচেতনতামূলক র‍্যালিটি শুরু হয়। পরবর্তীতে র‍্যালিটি উকিল বার, প্যারিস রোড, দড়াটানা হয়ে পুনরায় উকিল বারে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও নানা সচেতনতামূলক বার্তা সংবলিত ব্যানার এবং ফেস্টুন বহন করেন।

প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ।। ছবি: লোকসমাজ

কর্মসূচিতে বক্তব্যকালে বক্তারা বাসাবাড়ি ও এর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমানো পানি নিয়মিত পরিষ্কার করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও উল্লেখ করেন যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়; এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। তাই ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার জোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং দপ্তর সম্পাদক নূর ই আল মামুনসহ নেতৃবৃন্দ।