ঝিকরগাছায় ৪ নবীন হাফেজকে পাগড়ি ও সম্মাননা প্রদান

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর মোহাম্মদিয়া ফুরকানিয়া হাফিজিয়া ও নূরানী ক্যাডেট মাদ্রাসার হিফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চারজন নবীন হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্মাননা পাওয়া চার হাফেজ হলেন মোহাম্মদ আজমির হোসেন, মোহাম্মদ ইমাদুল হক, মোহাম্মদ সাইদুর রহমান সিয়াম ও মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

মাদ্রাসার সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শাহাজান আলী ও পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম। এছাড়া মোবারকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র কোরআন মুখস্থ করা এক অসাধারণ অর্জন। এই হাফেজরা সমাজে ইসলামের সঠিক বার্তা ও নৈতিকতা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে নবীন হাফেজদের কল্যাণ, দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুশফিকুর রহমান।