চৌগাছায় মোটরবাইক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র জুবায়ের নিহত

0
যশোরের চৌগাছা-মহেশপুর সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের নামে ৯ম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় সড়কে রক্তের দাগ না শুকাতেই আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুবায়ের নামে ৯ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। ছেলের এই অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে পড়েছেন তার বাবা-মা সহ পরিবারের সদস্যরা।

থানা সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের মোল্লা ইট ভাটার সামনে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন এবং আরও দুইজন আহত হন।

নিহত জুবায়ের হোসেন উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। এই ঘটনায় আহত দুজন হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন হোসেন (১৫) এবং ওয়াসিমের ছেলে ফাইম হোসেন (১৪)।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জামাল হোসেন বলেন, সকালে জুবায়ের সহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী কাদবিলা গ্রামে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের হোসেন মারা যায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।