ঝিকরগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
ঝিকরগাছা থানা প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর): আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় পূজা উদযাপন কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে রোববার (০৪ অক্টোবর) সকাল ১১টায় ঝিকরগাছা থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা এবং সুধীজন অংশগ্রহণ করেন।

"সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য
বজায় রেখে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও
সতর্কতার সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে হবে।"
— 
উপস্থিত বক্তাবৃন্দ

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গুলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আরিফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারি সেক্রেটারি শেখ রকিম আহমেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম রানাসহ ঝিকরগাছা থানার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যশোরের ঝিকরগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা কমিটির নেতারা দুর্গাপূজা সুষ্ঠু করতে একমত প্রকাশ করেন।। ছবি: লোকসমাজ

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সতর্কতার সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। জবাবে প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।