চুয়াডাঙ্গা ও নড়াইলে অভিযানে ১০ হাজার ৬৫০ ইয়াবা উদ্ধার, আ.লীগ নেতাসহ আটক ৩

আটক দেলোয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন

0
চুয়াডাঙ্গা ও নড়াইলে অভিযানে ১০ হাজার ৬৫০ ইয়াবা উদ্ধার
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন- লোকসমাজ

চুয়াডাঙ্গা ও নড়াইল সংবাদদাতা : চুয়াডাঙ্গা ও নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মোট ১০ হাজার ৬৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা ও নড়াইলে পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এবং কেন্দ্রীয় কর্মকর্তারা অংশ নেন।

চুয়াডাঙ্গায় সাবেক ভাইস চেয়ারম্যান আটক

চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৬৫০টি ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৫৭) নামে এক যাত্রীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাই ভাই হোটেলের সামনে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেনের হাতে থাকা একটি লাল রঙের সিনথেটিক ব্যাগ থেকে ২ হাজার ৬৫০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক দেলোয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের উত্তরপাড়ার মরহুম ইসমাইল হোসেনের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম এবং ঢাকা হেডকোয়ার্টারের সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নড়াইলে ৮ হাজার ইয়াবাসহ দুই বাস শ্রমিক আটক

অন্যদিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চুয়াডাঙ্গা ও নড়াইলে অভিযানে ১০ হাজার ৬৫০ ইয়াবা উদ্ধার
নড়াইলে ইয়াবাসহ আটক দুই বাস শ্রমিক

আটকরা হলেন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের ইয়াকুব সরদার (৪০) এবং কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের সুজন মোল্যা (৩৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি কার্টনের ভেতরে ৪০টি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় প্রতি প্যাকেটে ২০০টি করে মোট ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার জানান, আটক দুই বাস শ্রমিক দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দুই জেলায় একই দিনে বড় চালান উদ্ধার

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা ও নড়াইলে একই দিনে পরিচালিত পৃথক অভিযানে মোট ১০ হাজার ৬৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে। মাদক পাচার ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।