চুয়াডাঙ্গায় সোয়া ১ কোটি টাকার সোনার বারসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগী কলোনিপাড়ায় ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৫টি সোনার বার ও পাচাকারীর মোটরসাইকেলসহ তাকে আটক করেছেন। রোববার সকালে তাকে আটক করা হয়।

আটক বাপ্পী (২৭) দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারের মরহুম আবু সিদ্দিকের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রোববার গোপনে সংবাদ পেয়ে ডুগডুগী কলোনিপাড়ায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়।

এ সময় এক যুবক মোটরসাইকেলে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামার সংকেত দেওয়া হয়। তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

ছবি: সংগৃহীত।

আটকের পর উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।

এছাড়া তার ব্যবহৃত ছাই রঙের হিরো মোটরসাইকেল জব্দ করা হয়। মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন, সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। উদ্ধার সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা ও আটক যুবকের বিরুদ্ধে মামলা করে জব্দ মোটরসাইকেলসহ তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।