কেরু কোম্পানির খামার ইনচার্জের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ২

ঝিনাইদহে অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানির ঘোলদাড়ী কৃষি খামারের ইনচার্জ অনন্ত কুমার রায়ের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কেরু অ্যান্ড কোম্পানির আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী কৃষি খামারের ইনচার্জ বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা অনন্ত কুমার রায় (৪৬) গত বুধবার (১৩ মে) বেলা পৌনে ১১টার দিকে তার কালো রঙের টিভিএস-৪ভি মডেলের মোটরসাইকেলটি আইলহাঁস ইউনিয়নের হোসেনপুর গ্রামের মাঠে কেরু কোম্পানির ‘এ’ ব্লক সংলগ্ন পাকা রাস্তার পাশে রেখে খামার পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে বেলা পৌনে ১২টার দিকে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি সেখানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন, অজ্ঞাত চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি ৩৭৯ পেনাল কোড ধারায় রুজু করা হয়। মামলা নম্বর-২১।

মামলার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, এসআই প্রদীপ বিশ্বাসসহ পুলিশের একটি দল অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মিয়া সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত হৃদয় রহমান (২১) ও হৃদয় হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হৃদয় রহমান ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং হৃদয় হোসেন মফিজুর রহমানের ছেলে।

পরে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।