চৌগাছায় কপোতাক্ষের জমি দখল করে বেড়া নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় কপোতাক্ষ নদের জমিতে বেড়া দিয়ে দখল করার অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার ব্রিজের পাশে নদের জমি দখলকারীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম মুনীব বেড়া নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

উপজেলার মাশিলা ব্রিজ থেকে নারায়ণপুর ব্রিজ পর্যন্ত কপোতাক্ষ নদের দুই পাড়ের জমি নানাভাবে দখল হয়ে গেছে। রোববার দখলকারীদের কাছে জমির কাগজপত্র দেখতে চান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

সংশ্লিষ্ট সূত্র বলছে, চৌগাছা কপোতাক্ষ নদের ব্রিজের উত্তর পাশে গত দুই তিনদিন ধরে কয়েকজন ব্যক্তি নদের জমি দখলে নিয়ে বেড়া নির্মাণ করছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশ হলে রোববার সকালে উপজেলা প্রশাসন এ পদক্ষেপ নেয়।

ছবি: সংগৃহীত।

নদ পাড়ের বাসিন্দা মিলন বিশ্বাস, রিংকু মিয়া, চঞ্চল কবির, লিখন হোসেন জানান, তিন বছর আগে নদ খননের পর নদ তার হারানো যৌবন ফিরে পায়। কিন্তু অসাধু ব্যক্তিদের কারণে নদ আবরও মরা খালে পরিণত হয়েছে। দ্রুত প্রশাসন এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে কপোতাক্ষ মরা খালে রুপ নিবে এতে কোনই সন্দেহ নেই।

নদের ঢিবিতে বাড়ি করা সরদার ইয়াকুব ও ফজলুর রহমান বলেন, নদের জমি আমরা দখলে নিয়েছি এটি সঠিক না। যে জমি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সমুদয় জমির কাগজপত্র আমাদের আছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব বলেন, সরকারি সম্পত্তি কেউ যেন দখলে নিতে না পারে সে ব্যাপারে প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। কপোতাক্ষ নদের জমি দখলের খবরে সেখানে অভিযান পরিচালিত হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।