গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

0
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়-এ রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সম্ভাব্য শঙ্কার প্রেক্ষাপটে দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

আজ সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।