শার্শার স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

0
ছবি: নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমন।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে ৫ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাড. এ কে এম হাসানুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে। বিচারক রায় ঘোষণার সময় আসামি সাইফুল ইসলাম সুমন আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, দপ্তরি সাইফুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে তার কর্মস্থল বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে দপ্তরি সুমন এক ছাত্রীর শ্লীলতাহানি ঘটান।

বিষয়টি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে জানালে তার পিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। এ ছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীও দপ্তরি সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে একই ধরনের অসদাচরণের অভিযোগ করে।

এ বিষয়টি সাইফুল ইসলাম সুমন জানতে পেরে ভুক্তভোগীসহ অন্য ছাত্রীদের ঘটনার মুখ না খোলার জন্য হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর পিতা একই বছরের ১ অক্টোবর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

ওই মামলায় আসামি সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।