ডুমুরিয়ায় পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ২

0
ছবি: সংগৃহীত।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা প্রচেষ্টার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৫০ঘন্টা পর বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে তৈয়ব আলী ও মুহসিন শেখ নামের ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা জেলা পুলিশের এক কর্মকর্তা।

গত ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগেরহাটের যাত্রাপুর (রহিমাবাদ) গ্রামের শেখ ইকরাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলামকে (৫৮) রক্তাক্ত জখম অবস্থায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ওয়াপদা সড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এক ভ্যানচালক আহত সাইফুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সংবাদ পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সাইফুলকে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

প্রচুর রক্তক্ষরণে সংজ্ঞাহীন হওয়ার আগে তিনি পুলিশকে জানান, খুলনা জিরো পয়েন্ট থেকে তার পূর্ব পরিচিত মো. তৈয়ব আলী ও মো. মহসিন শেখের সাথে আড়ংঘাটা যাওয়ার জন্যে মোটরসাইকেল রওনা হন। তারা গুটুদিয়া ওয়াপদার রাস্তায় নির্জন এলাকায় পৌঁছুলে সঙ্গী তৈয়ব আলী ও মুহসিন শেখ তাকে এলাপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল ও তার কাছে থাকা টাকা নিয়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

সাইফুলের জবানবন্দী মোতাবেক ডুমুরিয়া থানা পুলিশ অভিযানে নামে বলে জানিয়েছেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মো. খায়রুল আনাম। সেই থেকে টানা ৫০ ঘন্টার অভিযানের পর বাগেরহাটের ফকিরহাট থেকে গ্রেফতার করা হয় মো. তৈয়ব আলী ও মহসিন শেখকে।

বাগেরহাটের ফকিরহাট থানার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।