পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

0
অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা। সভার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরি হার সুপারিশ করতে গঠিত মজুরি বোর্ড-এর তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এর আগে আজ সকাল ১১টায় শ্রমভবনে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব পেশ করার কথা ছিল। তবে সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন। শ্রমিকপক্ষের বক্তব্য অনুযায়ী, চার সদস্যের পরিবারের পুষ্টি, ক্যালরির চাহিদা, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তাঁরা।

আজকের সভার বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, আজ সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান তাঁকে সভা স্থগিতের বিষয়টি জানান। সভা স্থগিত হওয়ার পেছনে চলমান শ্রম আন্দোলন বন্ধ না হওয়া, সামগ্রিক শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতাসহ বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন। শ্রমিক আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

অতীতে দেখা গেছে, গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দাবির তুলনায় মালিকেরা অনেক কম মজুরি প্রস্তাব করায় বড় ধরনের আন্দোলন তৈরি হয়েছিল, যা পরবর্তীতে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে সমাধান করা হয়।