আধা কেজি হেরোইনের মামলায় বেনাপোলের ইকবালের যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ: আধা কেজি হেরোইন উদ্ধারের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মোছা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ৩০ অক্টোবর সকাল ৬টার দিকে পোর্ট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের রাজ বেকারির সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে ইকবাল হোসেনের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

এ ঘটনায় এসআই মনিরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পোর্ট থানার তৎকালীন এসআই সুজিত কুমার মৃধা ইকবাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে উল্লিখিত সাজা প্রদান করেন। মামলার রেকর্ড অনুযায়ী, গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এ কারণে রায় ঘোষণার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।