ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ‘টিআরএম’ চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি

0
যশোরের অভয়নগরে মতবিনিময় সভায় ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে 'টিআরএম' চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানানো হয়েছে; দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।। ছবি: লোকসমাজ

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর-এ ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ‘টিআরএম’ (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) প্রকল্প চালু এবং আমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

‘ভবদহ জলাবদ্ধতার সমকালীন সমস্যা ও সম্ভাবনা: সংকট সমাধানে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা থেকে এ দাবি ওঠে। রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাকক্ষে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের উদ্যোগে বেলার সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া ও পরিচালক এস এম ফারুক হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু, বেলার পরিকল্পনা কর্মী মাহফুজুর রহমান মুকুর, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, বিএনপি নেতা মোল্যা হাবিবুর রহমান ও নূর জালাল এবং শিক্ষক হাবিবুর রহমানসহ অনেকে।

ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার শিকার ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।