যশোরে ডিলারদের সাথে সার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা প্রতিমন্ত্রীর

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বিসিআইসি, বিএডিসি ও নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সাথে সার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

রোববার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজির অপরাধ প্রমাণিত হলে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। কোনো ক্রমেই সারের কোনো সংকট বা কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা সহ্য করা হবে না। নতুন বা পুরাতন ডিলার—যেই সার নিয়ে অনিয়ম করবেন, তাকে কোনো ছাড় না দিয়ে আইনের হাতে সোপর্দ করা হবে।

তিনি বলেন, সারের সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে। এক ডিলারের সার অন্য কোনো ডিলারের কাছে বা অন্য কোনো জায়গায় বিক্রি করার সাহস কেউ দেখাবেন না। কৃষকদের স্বার্থ নিয়ে কেউ অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করবেন না। সার বিতরণ ব্যবস্থাপনায় কেউ কোনো অসৎ নীতি গ্রহণ করবেন না। এই কাজ যিনি করবেন, তিনি আমার যত আপনজনই হোন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে তিনি সকলকে সতর্ক করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএডিসির উপপরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক প্রমুখ।