পোশাক খাতের অস্থিরতায় ৩ হাজার ১৭৫ কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে সরে গেছে

0
পোশাকশিল্পে অস্থিরতায় ৫ কোটি ৯০ লাখ পিস বা ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে বলে জানিয়েছে বিজিএমইএ; ৩১৭ কারখানার উৎপাদন ক্ষতি ৪২ কোটি ৮০ লাখ ডলার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ তৈরি পোশাকশিল্প-এ অস্থিরতার কারণে ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। প্রতি ডলার ১২৫ টাকা ধরে বর্তমান বাজারদরে এর পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ১৭৫ কোটি টাকা এবং এতে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ সরে গেছে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে খাতটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বিজিএমইএ চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করে। সেই জরিপের ফলাফলে ক্রয়াদেশ চলে যাওয়ার এ চিত্র উঠে এসেছে।

বিজিএমইএ জানায়, জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর সময়কালে অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসব কারখানা সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শুধু এই ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার (এফওবি মূল্যমান)।

ক্রয়াদেশ বাতিল ও এয়ার শিপমেন্টের বাড়তি চাপ পোশাকমালিকদের ওপর পড়েছে উল্লেখ করে বিজিএমইএ বলেছে, সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে।

রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং সরাসরি ক্রয়াদেশ বা অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। তাদের ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে।

বিজিএমইএর আহ্বান ও দীর্ঘমেয়াদি শঙ্কা

বিজিএমইএ বলছে, তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এ ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয়। এর চেয়েও বড় ও অপূরণীয় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর।

সংগঠনটি আরও জানিয়েছে, দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে উদ্ভূত এ সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি। শিল্পের চাকা সচল রাখতে এবং এ বিপর্যয় কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে বিজিএমইএ।