বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিকদের লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বেনাপোল বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ডিটিএম ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ সহিদ আলীসহ দুই শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছবি: সংগৃহীত।

সমাবেশে ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, বেনাপোল স্থলবন্দরে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করলে শ্রমিকরা তা প্রতিহত করবে।

৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মাদ সহিদ আলী তার বক্তব্যে বলেন, সীমান্তঘেঁষা এই গুরুত্বপূর্ণ স্থলবন্দর ব্যবহার করে কোনো অপশক্তি যেন নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা বেনাপোল স্থলবন্দর এবং সীমান্ত এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় দুই শ্রমিক ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।