দেশজুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে: আলি আসগার লবি

0
খুলনার ডুমুরিয়া বাজারের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আলি আসগার লবি; পাশে রয়েছেন দলীয় নেতাকর্মীরা।। ছবি: ভিডিও থেকে নেওয়া

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়া উপজেলায় বিএনপি-র বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, দেশজুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে।

জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছে জানিয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রোববার বিকেলে ডুমুরিয়া উপজেলা সদর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে ডুমুরিয়া উপজেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

খুলনার ডুমুরিয়ায় বিক্ষোভ মিছিলে ব্যানার হাতে নেতাকর্মীরা ।। ছবি: ভিডিও থেকে নেওয়া

খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার লবির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংগঠনিক ঐক্য ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।