কালীগঞ্জে ডাকাতের কবলে আতঙ্কিত প্রসূতির অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, ডাকাত॥ ঝিনাইদহে ডাকাতের কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। ওই নবজাতকের মৃত্যু হয়েছে। ডাকাতদের হামলার শিকার ওই পরিবারটির প্রধান চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমান।

তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামে একটি অনলাইন পোর্টোলের উপদেষ্টা সম্পাদক। মুখোশধারী ডাকাতদল নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।

রোববার ভোররাত তিনটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা তার স্ত্রী ও পরিবারের আরও তিনজন সদস্যকে নিয়ে তিনি যশোর যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয় আনুমানিক ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত। তারা অ্যাম্বুলেন্সটি থামিয়ে প্রসূতির স্বামী, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরো জানান, ডাকাতির ঘটনায় আমার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব করেন। কিন্তু নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আসে। তারা বিষয়টি জেনে চলে যায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চন্ডিপুর পুলিশ ক্যাম্পে উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখি। বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, ঘটনাস্থলে টহল টিম গিয়েছিল। রাস্তার ওপর গাছ ফেলা ছিল।একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। কিছু টাকা ও সোনাদানা নিয়ে গেছে। তিনি বলেন, অ্যাম্বুলেন্সে গর্ভবতী এক রোগী ছিল। তার প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। প্রসূতির বাচ্চাটা মারা গেছে কিনা তা জানা নেই।

ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ডাকাতির ঘটনা সত্যি। প্রসূতির নবজাত শিশুটিও মারা গেছে বলে শুনেছি।

তিনি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দাদের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। কালীগঞ্জ থানায় মামলা করার কথা বলেছি। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।