বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণের বারসহ যাত্রী আটক

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে দুইটি স্বর্ণের বারসহ মোবারক হোসেন নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বেনাপোল চেকপোস্টে যাত্রী তল্লাশির সময় তার কাছ থেকে স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়। আটক মোবারক হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার তাজউদ্দীনের ছেলে।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, ভারতে যাওয়ার সময় মোবারক হোসেনের আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন।

পরে তার প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

তিনি আরও জানান, যাত্রীর শরীরের ভেতরে অতিরিক্ত স্বর্ণ লুকানো আছে কি না তা নিশ্চিত হতে তাকে বেনাপোলের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে এক্স-রে পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় আর কোনো স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি।

আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত স্বর্ণ পাচারবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বেনাপোল চেকপোস্টে স্বর্ণ পাচার প্রতিরোধে প্রয়োজনীয় আধুনিক স্ক্যানিং ও শনাক্তকরণ যন্ত্রপাতির ঘাটতি থাকায় অনেক চালান শনাক্ত করা সম্ভব হয় না। ফলে কিছু ক্ষেত্রে স্বর্ণের চালান ভারতীয় সীমান্ত অতিক্রম করার পর সেখানকার কাস্টমস কর্তৃপক্ষের হাতে আটক হচ্ছে।