মিরপুরে উচ্ছেদ অভিযান: হকারদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, গাড়িতে আগুন

0
মিরপুর-১০ গোল চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।। ছবি: সংগৃহীত

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশ ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গেলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুরে সিটি করপোরেশনের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের দৃশ্য।। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত পুলিশের সহায়তা নিয়ে সকালে উচ্ছেদ কার্যক্রম শুরু করে। একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সংঘবদ্ধ হয়ে সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা ব্যাপক ভাঙচুর করেন এবং একপর্যায়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন।

সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ ও হকারদের ইটপাটকেল ছোড়ার চিত্র।। ছবি: সংগৃহীত

বেলা পৌনে ১২টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত রূপ নেয়। এ সময় ফুটপাতের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মিরপুর আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন। অন্যদিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় সতর্ক অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ।

পুড়িয়ে দেওয়া গাড়ি ।। ছবি: সংগৃহীত

উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জবাবে ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশের দিকে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশের তুলনায় ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের সংখ্যা অনেক বেশি থাকায় একপর্যায়ে ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।

এই ভয়াবহ সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সংবাদকর্মী আহত হয়েছেন। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকায় এখনো চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।