কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

0
ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে ফেরার পথে শৌচাগারে যাওয়ার অজুহাতে পালিয়ে গেছে ২৫ মামলার আসামি 'পিচ্চি রাজা'। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে গেছে ২৫ মামলার অভিযুক্ত আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এই দায়িত্ব অবহেলার ঘটনায় জড়িত পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জানান, আসামি রাজার পলায়নের পর পরই প্রিজনভ্যানে দায়িত্ব পালনকারী পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং গাড়ি চালকসহ মোট পাঁচজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ডিসি হেডকোয়ার্টারকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে ঘটনার বিস্তারিত অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার উদ্দেশ্যে রোববার সকালে আসামি পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাঁকে পুনরায় কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। তবে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার আকুতি জানায়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সেই সুযোগে সে চতুরতার সাথে পালিয়ে যায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত আনার পথেই নাওজোড় এলাকা থেকে শৌচাগারে যাওয়ার নাম করে পালিয়েছে সে।

উল্লেখ্য, মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে চলতি বছরের ১৯ মে গ্রেফতার করা হয়। নেপাল থেকে দেশে ফেরার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে, তার স্ত্রী ও শ্যালককে গ্রেফতার করা হয়েছিল। পলাতক পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে।