শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

0
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। পুলিশের এই আকস্মিক লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় মেলেনি।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বিক্ষোভ প্রদর্শন এবং সড়ক অবরোধ করে আসছিলেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যা ৬টার দিকে তাঁরা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হন এবং সেখানে অবস্থান নেন। এ সময় জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ অধিবেশন চলছিল। সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।

শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে প্রথমে পুলিশ তাঁদের বুঝিয়ে শান্ত করার ও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সন্ধ্যা পৌনে সাতটার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা চালান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে।

পুলিশের লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে সরিয়ে আসাদগেট পর্যন্ত নিয়ে যায়।