ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় নিহত

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় ওবায়দুল্লাহ আল মাসুদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় এক রাজনৈতিক নেতার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন মাসুদ।
পরে সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুরি হওয়া মোটরসাইকেলটি ঝিনাইদহ সদর উপজেলার জয়রামপুর গ্রামের আলী কদরের ছেলে রাসেল হোসেনের। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত।
রাসেল জানান, তিনি পাগলাকানাই এলাকায় অবস্থানকালে হঠাৎ দেখেন, অজ্ঞাত একজন ব্যক্তি তার মোটরসাইকেল স্টার্ট দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে ধাওয়া করেও তাকে ধরতে পারেননি। পরে অন্য একটি মোটরসাইকেলে খোঁজাখুঁজি চালালেও কিছু সময় পর চোরের সন্ধান হারিয়ে ফেলেন।
প্রায় আধা ঘণ্টা পর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নিশ্চিত হন যে, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি তারই।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, “দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে নানা আলোচনা করছেন।