পুলিশ পরিচয়ে প্রতারণায় আটক সুমন ছিনতাইকারীও

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আটক ভুয়া পুলিশ শরীফ হাসানুল বান্না ওরফে সুমন দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মূলত পুলিশ কর্মকর্তা পরিচয়ে এবং পুলিশের পোশাক পরিহিত ভুয়া আইডি কার্ড ব্যবহার করে প্রতারণামূলক কর্মকান্ড চালিয়ে আসছেন তিনি।

এছাড়া ছিনতাইকারী চক্রের একটি গ্রুপের হোতাও তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর নারায়ণজোলা এলাকার রেজাউল করিমের ছেলে শরীফ হাসানুল বান্না ওরফে সুমন। তার প্রধান পেশা হলো পুলিশ কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া।

কয়েক বছর আগে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে বেদম মারধর করেছিলেন। তারপরও সংশোধন হয়নি সুমন। বিভিন্ন জেলায় গিয়ে পুলিশ কর্মকর্তা পরিচয়ে সুমন এখনো পর্যন্ত প্রতারণা করে আসছেন। তিনি বলেন, সুমনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বাবুল আক্তার নামে পুলিশের একজন ইনসপেক্টর জানান, কয়েক বছর আগে তিনি সাতক্ষীরায় কর্মরত থাকাকালীন পুলিশের পোশাক পরা ভুয়া আইডি কার্ড ব্যবহার করে প্রতারণার অভিযোগে প্রতারক সুমনকে আটক করেছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শালো মেম্বারের মোড় থেকে তাকে আটক করা হয়েছিলো। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক ও এসআই ব্যাজ পরিহিত ভুয়া আইডি কার্ড পাওয়া গিয়েছিলো।

পুলিশের একটি সূত্র জানায়, শুধু প্রতারক নয়, সুমন একটি ছিনতাইকারী চক্রের হোতা। ২০২২ সালের ২৪ জুলাই রাতে পুলিশ পরিচয়ে সুমন ও তার সহযোগীরা সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙী এলাকার গরু ব্যবসায়ী আনারুল ইসলাম ও তার ছেলে রিফাত হোসেনকে পুলিশ পরিচয়ে গরু বিক্রির ২ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন।

এ সময় চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এসে চক্রের হোতা ৫ সদস্যকে আটক করেন। পরদিন পুলিশ চক্রের হোতা সুমনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিলো বিদেশি ১টি পিস্তল, দুই রাউন্ড গুলি, এক জোড়া হ্যান্ডকাফ, পুলিশের পোশাক, নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল। সূত্র জানায়, পুলিশের এসআই পরিচয়ে সাতক্ষীরায় ২৫ লাখ টাকা ছিনতাইয়ের একটি ঘটনায় ২০২০ সালের ১৫ জানুয়ারি সিআইডি পুলিশ সুমনকে আটক করেছিলো।

সর্বশেষ গত ১ মে যশোর শহরের এক কে রোডস্থ মোবাইল প্লাজা-২ থেকে পুলিশের এসআই বাবু পরিচয়ে প্রতারণার মাধ্যমে দুটি মোবাইল ফোনসেট হাতিয়ে নেওয়ার ঘটনায় আটক হয়েছেন প্রতারক সুমন। যশোর শহরের কোতয়ালি থানা মোড় এলাকায় ভ্যানে ফল ব্যবসার সাথে জড়িত একজন ব্যবসায়ীর কাছ থেকেও পুলিশ কর্মকর্তা পরিচয়ে ৫৩০ টাকার ফল নিয়ে চম্পট দিয়েছিলেন প্রতারক সুমন।

ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে ঘর ভাড়া নিয়েছিলেন ওই প্রতারক। বাড়ির মালিক তার কাছে ঘর ভাড়া বাবদ ২০ হাজার টাকা পাবেন বলে গেছে।