রায়পুরে মুক্তিপণ দাবির পর নিখোঁজ কিশোর অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

0
কিশোর অটেরিকশা চালক রাজীব।। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের পর মো. রাজীব (১৪) নামে এক কিশোর অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ঘর থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল এবং গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। আজ শনিবার দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি নির্জন বাগান থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজীব দক্ষিণ গাইয়ার চরের ফজু মোল্লা স্টেশন এলাকার অটোরিকশাচালক মোস্তফা মিয়ার ছেলে। স্বজনরা জানান, শুক্রবার রাত আটটার দিকে রাজীব অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। রাত তিনটার দিকে রাজীবের মুঠোফোন থেকেই তার বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ চেয়ে কল আসে।

পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। রাজীবের মামা শাহজাহান মাঝি অভিযোগ করেন, মুক্তিপণের টাকা না দেওয়ায় রাজীবকে অপহরণের পর হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।