মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন রুহুল আমিন (৩৮) নামে এক ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। শনিবার (২ মে) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রুহুল আমিন উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
সংবাদ সম্মেলনে রুহুল আমিনের পক্ষে তার বড় বোন রওশনারা পারভীন লিখিত বক্তব্যে জানান, তার ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ প্রায় ১০টি মামলা রয়েছে।
তিনি দাবি করেন, বাবার মৃত্যুর পর স্থানীয় এক মাদক ব্যবসায়ীর প্ররোচনায় রুহুল আমিন প্রথমে মাদকসেবন এবং পরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। সেখান থেকেই তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন।
রওশনারা পারভীন বলেন, “আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রুহুল আমিন প্রশাসন ও সমাজের সকলের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, ভবিষ্যতে তিনি আর কোনো ধরনের মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবেন না।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে প্রশাসনের কাছে সোপর্দ করা হবে।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, সম্প্রতি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার পর কিছু মাদক ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। বিষয়টি তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, তিনি শিক্ষিত নন এবং অভিভাবকহীন অবস্থায় ভুল পথে পরিচালিত হয়ে অপরাধে জড়িয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চান এবং এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।