কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর পথে ঢাকা ও দিল্লি

0
স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক চালু হচ্ছে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম ।। ছবি: সংগৃহীত

ঢাকা ও দিল্লির মধ্যে কয়েক মাসের কূটনৈতিক অস্থিরতা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে দুই দেশ। বাংলাদেশ ইতোমধ্যে সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান শুরু করলেও, ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের ভিসা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং ভিসা প্রক্রিয়া স্বাভাবিকীকরণকে ঢাকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়। বর্তমানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের ভিসা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে সাময়িকভাবে বন্ধ হওয়া ভিসা কার্যক্রম ফেব্রুয়ারি থেকে পুনরায় সচল হয়েছে। এই সময়ে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১৩ হাজার ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হয়েছে।

দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর তৈরি হওয়া উত্তেজনা কাটিয়ে বর্তমানে বিএনপি সরকারের আমলে দিল্লি–ঢাকা সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার প্রচেষ্টা জোরদার হয়েছে।