দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা; সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ

0
গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার আশঙ্কা; সারা দেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ।। ছবি: সংগৃহীত

দেশের জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বর এবং বিভিন্ন বাহিনীর সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার পর এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়।

গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের সকল ইউনিটে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ (ওরফে সামী/আবু বক্কর/আবু মোহাম্মদ)-এর সঙ্গে চাকরিচ্যুত দুই সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের এই গোপন কর্মকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি হিসেবে বিবেচনা করছে পুলিশ। চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে বোমা বিস্ফোরণ বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।