১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর; ৮০ শতাংশই হবেন নারী

0
সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের গ্রামীণ জনপদে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে, যার ৮০ শতাংশই হবেন নারী। শনিবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, এই স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে, বিশেষ করে পরিবারের নারীদের স্বাস্থ্য সচেতনতা, হাইজিন এবং সঠিক জীবনধারা সম্পর্কে পরামর্শ দেবেন যাতে ডায়াবেটিস বা হার্টের মতো রোগ প্রতিরোধ করা যায়।

সিলেট সিটির প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসন এবং সুপেয় পানির সংকট সমাধানে দেশব্যাপী খাল খনন কর্মসূচির প্রয়োজনীয়তা বিশদভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়া ঠেকাতে এবং অতিবৃষ্টির অতিরিক্ত পানি ধরে রাখতে এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে। সুরমা নদীর তলদেশে পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের স্তর জমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি যত্রতত্র ময়লা না ফেলার জন্য নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

পরিবহন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী সড়ক পথের পাশাপাশি রেলওয়ের আধুনিকায়নে বিশেষ জোর দেন। তিনি বলেন, ফসলি জমি রক্ষা ও যানজট কমাতে রেল যোগাযোগ বৃদ্ধি করা অপরিহার্য এবং সিলেটের রেল যোগাযোগকে ডাবল লাইনে উন্নীত করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এ ছাড়া বন্ধ কলকারখানা পুনরায় চালু ও প্রয়োজনে বেসরকারিকরণ এবং সিলেটের আইটি পার্ক দ্রুত সচল করার মাধ্যমে তরুণ সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি। সরকারের আড়াই মাস বয়সেই নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের আশাবাদ ব্যক্ত করেন।