আবারও আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী

0
শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই যুগের অবহেলা কাটিয়ে আবারও আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার ঐতিহাসিক শহীদ চান্দু স্টেডিয়াম। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে স্টেডিয়ামটিকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়ামটি সরজমিনে পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

পরিদর্শনকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম এক সময় দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক ভেন্যু ছিল। এটিকে পুনরায় সেই গৌরবোজ্জ্বল অবস্থানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে আধুনিকায়ন করা হবে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার আওতায় বগুড়ার এই স্টেডিয়ামটিকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৬ সালের ৫ ডিসেম্বর এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ভেন্যুটিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও, পাঁচটি ওয়ানডে ম্যাচের চারটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘদিন ঘরোয়া লিগের জন্য ব্যবহৃত হলেও মাঠের শোচনীয় অবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি’র সমন্বিত উদ্যোগে এবার স্টেডিয়ামটি তার পূর্ণাঙ্গ রূপ ফিরে পেতে যাচ্ছে।