বিতর্কিত বক্তব্যের জেরে অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে মিজানুর রহমান আজহারিকে

0
বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে বাংলাদেশের পরিচিত ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘লেগাসি অফ ফেইথ’ শীর্ষক একটি সিরিজ বক্তৃতায় অংশ নিতে আজহারির ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাওয়ার কথা ছিল। তবে সফর চলাকালীন গত মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন। ডেইলি মেইল আরও জানায়, আজহারির অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ১০ মিলিয়ন অনুসারী রয়েছে এবং তিনি এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রবাসী সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির আগমনের বিষয়ে বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী থেকে সংসদ সদস্যদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। বিশেষ করে ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ’ তার বক্তব্যের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। অভিযোগ রয়েছে, ২০২৩ সালে আজহারি ইহুদি-বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন এবং হলোকাস্টের প্রশংসা করে হিটলারকে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, এর আগে উগ্র বক্তব্যের অভিযোগে যুক্তরাজ্যেও আজহারির প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাংলাদেশেও জনসম্মুখে তার বক্তব্যের ওপর বিভিন্ন সময়ে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।