আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

0
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শিল্প অঞ্চলে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখছেন বিদেশি শ্রমিকেরা। ৩ মার্চ ২০২৬ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার আল-রিফা এলাকার একটি খামারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফুজাইরা সরকারি মিডিয়া অফিস এবং গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আমিরাত কর্তৃপক্ষ জানায়, বুধবার আল-রিফা এলাকায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ড্রোন (ইউএভি) প্রতিহত করে। ভূপাতিত ড্রোনের সেই ধ্বংসাবশেষ একটি খামারে আছড়ে পড়লে সেখানে কর্মরত এক বাংলাদেশি নাগরিক নিহত হন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্ট এলাকাটি সুরক্ষিত ঘোষণা করে।

এদিকে, এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও কোনো ধরনের গুজব বা অসমর্থিত তথ্য প্রচার না করার জন্য সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। তারা জানিয়েছে, অপপ্রচার যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না করে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। জনসাধারণকে শুধুমাত্র সরকারি ও অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকে সর্বশেষ তথ্য জানার অনুরোধ করা হয়েছে। উদ্ধারকারী দল বর্তমানে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।