সরকারি রাস্তা দখল, বাধা দেওয়ায় হামলা ও মিথ্যা মামলার অভিযোগ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল এলাকায় জনসাধারণের দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা দখল করে ভবন নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ১০টি পরিবারের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. সাইফুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শার্শা উপজেলার ভবেরবেড় মৌজার ২৮২ নম্বর দাগভুক্ত সরকারি জমি, যা দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, তা জবরদখল করে মো. মাসুম শেখ নামে এক ব্যক্তি ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এর ফলে ওই এলাকার ১০টি পরিবারের প্রায় ৪৫ জন সদস্যের প্রায় তিন দশকের পুরোনো চলাচলের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা স্থানীয় ভূমি অফিস, পৌরসভা এবং জেলা প্রশাসকের কাছে একাধিকবার লিখিত আবেদন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রশাসনিকভাবে সমাধান না পেয়ে ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হন। গত ৮ ফেব্রুয়ারি তারা ১৪৪ ধারা জারির আবেদনসহ একটি দেওয়ানি মামলা দায়ের করেন। অভিযোগ করা হয়, এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মাসুম শেখ ও তার সহযোগীরা গত ১৩ মার্চ রাতে সাইফুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তারা আহত হয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সাইফুল ইসলাম দাবি করেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হলেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বরং গত ১২ মার্চ তার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি ‘সাজানো’ মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মামুন অভিযুক্তের পক্ষ নিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করছেন এবং বিভিন্নভাবে হয়রানি করছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সরকারি জমি উদ্ধার, চলাচলের রাস্তা উন্মুক্ত করা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।