হরিণাকুন্ডুতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শেখ বেড়বিন্নি গ্রামে প্রাইভেট পড়ার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আলতাফ হোসেন বিশ্বাস (৬৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বেড়বিন্নি গ্রামের নকিব বিশ্বাসের ছেলে। সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন।
পুলিশ ও গ্রামবাসী জানায়, রাজু আহম্মেদ নামে স্থানীয় এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়ে টাকা না দেওয়া নিয়ে বিরোধের সূত্রপাত। পাঁচদিন কম পড়িয়ে শিক্ষক রাজু আহম্মেদ টাকা দাবি করলে অষ্টম শ্রেণির ছাত্র হাবিবুর রহমানের পিতা শেখপাড়া বিন্নি গ্রামের নজরুল মুন্সি প্রতিবাদ করেন। তিনি পাঁচদিনের টাকা কম দিতে চাইলে শিক্ষক রাজু আহম্মেদ ছাত্রকে মারধর করেন। নজরুল মুন্সি সামাজিকভাবে শহিদুল বিশ্বাসের সমর্থক। গত এক সপ্তাহ আগে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক শিক্ষক রাজুু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সামাজিক বিরোধ চলছে। সকালে প্রাইভেট পড়ানোর টাকা নিয়ে এক শিক্ষার্থীকে মারধর করেন রাজু নামে এক স্কুল শিক্ষক। এ নিয়ে সাবেক চেয়ারম্যান মোস্তফার সমর্থক ওই গ্রামের সিরাজুল, আজিজ, কালু ও আনোয়ারের লোকজন এবং বর্তমান চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থক সুজাত, মতিয়ার ও হাসমতের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে রোববার সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শহিদ গ্রুপের সমর্থকরা শেখপাড়া বিন্নি গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শহিদ বিশ্বাসের সমর্থক আলতাফ বিশ্বাস, নাজমুল ও মিলনসহ উভয় পক্ষের ১০/১২ জন আহত হন। আহতদের ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালে ভর্তির পর রোববার দুপুরে আলতাফ বিশ^াস মারা যান।
ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আক্তার জানান, হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে মারামারিতে আহত হয়ে ৩ জন রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে আলতাফ হোসেন বিশ্বাস মারা যান। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা গোলাম মোস্তফা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এই সংঘর্ষ হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সামাজিক বিরোধ রয়েছে।
এ ব্যাপারে হরিণাকুন্ডু থানা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম জানান, সকালে বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ও বর্তমান চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েক জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজন মার যান। এ ঘটনায় রায়হান নামের একজনকে আটক করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।