রাজধানীতে ভয়াবহ রূপ নিচ্ছে হাম: শয্যা সংকটে ফিরছে শিশুরা, মৃত্যু বাড়ছে

0
হাসপাতালের শয্যায় হামে আক্রান্ত শিশু ।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শিশু হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। শয্যা সংকটে অনেক মুমূর্ষু শিশু ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছে। বিশেষ করে ১০ মাসের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার ও মৃত্যুঝুঁকি বেশি দেখা দিচ্ছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সূত্র জানায়, বর্তমানে সেখানে ৫২ জন শিশু হামের চিকিৎসা নিচ্ছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২২ জন। শয্যা না থাকায় নতুন রোগী ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। একই চিত্র মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও। ১০টি শয্যার বিপরীতে সেখানে বর্তমানে ৭২ জন শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৪২ জন রোগী ভর্তি হয়েছে। সংক্রমণের তীব্রতা বাড়ায় অন্যান্য সাধারণ ওয়ার্ডেও হামের রোগী রাখতে হচ্ছে, যা পক্স বা অন্য রোগে আক্রান্তদের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।

দুটি হাসপাতালেই শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ ও ভেন্টিলেটর সাপোর্টের অভাব প্রকট। সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ শয্যা মূলত বড়দের জন্য, ফলে ছয় বছরের কম বয়সীরা লাইফ সাপোর্ট পাচ্ছে না। চলতি বছরে এখন পর্যন্ত শিশু হাসপাতালে ৯ জন এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ জন শিশু মারা গেছে। মৃতদের অধিকাংশেরই হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া বা হৃদরোগের মতো জটিলতা ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের ৬০-৭০ শতাংশের বয়স ১০ মাসের কম, যাদের হামের প্রথম টিকা নেওয়ার সময় এখনো হয়নি। অত্যন্ত ছোঁয়াচে এই রোগ থেকে বাঁচতে শিশুদের দ্রুত আলাদা করা এবং স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।