সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

0
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকায় অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করে জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত গোদনাইল এলাকার মেঘনা ডিপো সংলগ্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ জ্বালানি মজুতের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসও বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে ৪ হাজার ৮৮০ লিটার ডিজেলসহ মো. নাসির (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অন্য এক অভিযানে একটি ট্যাংক লরি ও ড্রামে রাখা ৯ হাজার ১০০ লিটার তেলসহ সিফাত গাজী নামে একজনকে আটক করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় তাকে দুই মাসের কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল মেঘনা ডিপোতে হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।