পাইকগাছার পারশেমারী রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ মাটি কেটে ফেলে রাখায় জলমগ্ন হয়ে দুর্ভোগ চরমে

0

জিএম মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) ॥ পাইকগাছায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে রাস্তা নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে। রাস্তার মাটি কেটে কাজ না করে মাসের পর মাস খাল করে রাখায় জনদুর্ভোগে চরমে।
উপজেলার সোলাদানা ইউনিয়নের বাস্ততম পারশেমারী রাস্তা। যা পাকা করা করার জন্য সরকারি যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। কয়েকমাস আগে কার্যাদেশ পেয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। রাস্তা পাকাকরণে মাটি কেটে খাল করে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। এজন্য চরম দুর্ভোগে পড়েছে সর্বসাধারণ। বিশেষ করে বৃষ্টিতে রাস্তার মাঝে হাঁটু পানি। দু ধারে মাটি উঁচু করে আইল করে রাখলেও তা ধসে পড়ছে। ফলে শিশু,বয়োবৃদ্ধ ও হাট-বাজারের লোক,স্কুলগামী শিক্ষার্থীরা যাতায়াতে পড়েছে কঠিন সমস্যায়। মোটরসাইকেল, বা ব্যাটরিচালিত বাহন নিয়ে অজানা ব্যক্তিরা এ রাস্তায় এসে পড়ছে কঠিন বিপাকে।
স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু বলেন,রাস্তার যে অবস্থা তা দ্রুত শেষ না হলে বর্ষার এ সময় ভোগান্তির শেষ থাকবে না। ঠিকাদার ইকবাল হোসেন বলেন, তবে দ্রুত কাজ শুরু করা হবে। জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজ। পারশেমারীর বৈরাগীর বাড়ী এলাকা থেকে আমুরকাটা পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার জন্য ১ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকার বরাদ্দ হয়। যার ঠিকাদারী প্রতিষ্ঠান সাতক্ষীরার মের্সাস কানিজ ট্রেডিং। উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, এক সপ্তাহের মধ্যে কাজ না করলে প্রয়োজনে কার্যদেশ বাতিল করে দেওয়া হবে।