বাথরুমে পড়ে আহত চট্টগ্রামের এসপি, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

0
চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তাঁর সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলো বাড়িতে এই ঘটনা ঘটেছে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এসপিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, আহত অবস্থায় তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি। পরে বাসার কর্মচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বেলা দুইটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।