অটোরিকশাচালকের সততায় স্বর্ণালঙ্কার ও পাসপোর্টসহ ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

0
অটোরিকশাচালক জাহিদ হাসান উদ্ধারকৃত ব্যাগটি প্রবাসী লিটন মিয়ার হাতে বুঝিয়ে দিচ্ছেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটোরিকশা চালক জাহিদ হাসানের সততায় হারিয়ে যাওয়া মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন সৌদিপ্রবাসী লিটন মিয়া। ব্যাগটিতে পাসপোর্ট, বিমানের টিকিট, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এসব ফিরে পেয়ে অটোরিকশাচালকের সততায় অভিভূত হয়েছেন ওই প্রবাসী।

সৌদি আরব থেকে ছুটিতে আসা লিটন মিয়া গত রবিবার শ্রীমঙ্গল থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত নিজের ব্যাগটি অটোরিকশায় ফেলে যান। অটোরিকশাচালক জাহিদ হাসান জানান, সন্ধ্যায় যাত্রী নামিয়ে ফেরার পথে তিনি গাড়ির ভেতরে ব্যাগটি দেখতে পান। পরে ব্যাগ খুলে স্বর্ণের চুড়ি ও পাসপোর্ট দেখে পরিচিত ব্যক্তিদের সহায়তায় ফেসবুকে বিষয়টি প্রচার করেন এবং সিএনজি অটোরিকশা মালিক সমিতির সেক্রেটারিকে অবহিত করেন। একপর্যায়ে একটি দোকানের মাধ্যমে তিনি যাত্রীর সন্ধান পান।

রাত ১২টার দিকে শ্রীমঙ্গল সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এম এ সালামসহ অন্যদের উপস্থিতিতে ব্যাগটি প্রবাসী লিটন মিয়ার হাতে তুলে দেওয়া হয়।

ব্যাগ ফিরে পেয়ে লিটন মিয়া বলেন, ‘জাহিদ নিজেই এসে ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন। তাঁর এই সততায় আমি অভিভূত।’ চালক জাহিদ হাসান বলেন, ‘ব্যাগটি পেয়ে মনে হয়েছে এর মালিক কতটা দুশ্চিন্তায় আছেন। স্বর্ণালঙ্কার দেখেও আমার লোভ হয়নি। কারও জিনিস আত্মসাৎ করে সুখে থাকা যায় না।’