শুক্রবার সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা

0

লোকসমাজ ডেস্ক ॥ দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টার মধ্যে রংপুর অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল ও সিলেট অঞ্চল-এর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় ভারতের পশ্চিমবঙ্গ-এর চব্বিশ পরগনা এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ শুরু করেছে।

তার মতে, ঝড়টি যশোর হয়ে রাতের মধ্যে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ-এর বিভিন্ন জেলার ওপর দিয়ে অতিক্রম করতে পারে।