শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর

0
বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল শনিবার পবিত্র ঈদুল ফিতর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আগামীকাল শনিবার (২১ মার্চ ২০২৬) সারাদেশে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সংবাদ নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার সাথে সাথেই দেশজুড়ে শুরু হয় উৎসবের আমেজ। ঘরমুখো মানুষের আনন্দ আর পাড়া-মহল্লায় ঈদের আগমনী বার্তায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষটি সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তাঁরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় ঈদ উদযাপনে দেশজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।