আগামী ৫ দিন সারা দেশে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

0
সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস; সোমবার থেকে বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের ওপর দিয়ে বইতে শুরু করেছে প্রাক-মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। তবে পাঁচ দিনের এই দাপট শেষে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে সোমবার সকাল থেকে দেশের ছয়টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন মঙ্গলবার ও বুধবার বৃষ্টিপাতের পরিধি আরও বিস্তৃত হয়ে সারা দেশের আটটি বিভাগেই দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত আকাশ মেঘলা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।